× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটের বস্তা সংকটে সরকারি ধান ক্রয় বন্ধ

প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৮:১০ পিএম

পাটের বস্তা সংকটের কারণে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি খাদ্য গুদামে কৃষকের ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাটের বস্তা সংকটের কারণে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি খাদ্য গুদামে কৃষকের ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৫০ কেজি ওজনের পাটের বস্তা সংকটের কারণে দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারের ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। চলতি বোরো মৌসুমে উপজেলায় সরকারের ধান কেনা কার্যক্রম শুরু হয় মে মাসে। ৩০ জুনে বস্তা শেষ হওয়ায় তখন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান ক্রয় বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কৃষক।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, মে মাসে লটারির মাধ্যমে নির্বাচিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। 

চলতি মৌসুমে উপজেলায় সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৯৭ মেট্রিক টন। উদ্বোধনের পর থেকে গত ৩০ জুন পর্যন্ত কার্যক্রম চললেও বর্তমানে পাটের বস্তার সংকটে কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

‎এদিকে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির জন্য নিবন্ধন ও লটারিতে নির্বাচিত কৃষকরা নির্ধারিত সময়ের মধ্যে ধান গুদামে সরবরাহ করতে পারবেন কি নাÑ তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত বস্তা সংকট দূর করে ধান সংগ্রহ কার্যক্রমের গতি বাড়ানো হোক, যাতে তারা ন্যায্যমূল্যে উৎপাদিত ধান বিক্রি করতে পারেন।

‎নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, ‘বস্তা সংকটের কারণে সরকারি গুদামে ধান দিতে না পারায় খুব সমস্যায় আছেন তারা। ধান বিক্রি করেন টাকার জন্য। কিন্তু সময়মতো টাকা না পেলে পরে টাকা দিয়ে কী হবে।’

ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. রওশন আলী বলেন, ‘ফুলবাড়ী খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৬১১ মেট্রিক টন। এরজন্য ৫০ কেজি ওজনের ধারণ ক্ষমতাসম্পন্ন পাটের বস্তার প্রয়োজন ১৫ হাজার ২৭৫টি। বরাদ্দ পাওয়া গেছে ১৪ হাজার ১৭৫টি বস্তা। আমরা এ পর্যন্ত ৫৬৭ টনের মতো ধান সংগ্রহ করেছি। অবশিষ্ট ৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য ১ হাজার ১০০টি বস্তার প্রয়োজন। বস্তার অভাবে আপাতত ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে শিগগিরই বস্তা চলে আসবে। তখন পুনরায় ধান সংগ্রহ শুরু হবে।’

মাদিলাহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. শাহ নেওয়াজ বলেন, মাদিলাহাট খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩৮৬ মেট্রিক টন। ইতোমধ্যে ক্রয় করা হয়েছে ৩৫৪ মেট্রিক টন। অবশিষ্ট ৩২ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য এক হাজার পাটের বস্তার প্রয়োজন। বস্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে অবশিষ্ট ধান দ্রুত সময়ের মধ্যে ক্রয় কার্যক্রম শেষ করা হবে।

পাটের বস্তা সংকটের সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ৫০ কেজি ওজনের পাটের বস্তার সংকট রয়েছে। উপজেলায় বরাদ্দকৃত ৯৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের জন্য বস্তার প্রয়োজন ২৫ হাজার। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক বস্তা বরাদ্দ না আসায় ধান ক্রয়ের গতি কমে এসেছে। তবে ৩০ জুন পর্যন্ত ফুলবাড়ী এবং মাদিলাহাট এই দুই খাদ্যগুদামের মাধ্যমে ধান সংগ্রহ হয়েছে ৯২১ মেট্রিক টন। পাটের বস্তার সংকট নিরসন হলে অবশিষ্ট ধানও সংগ্রহ করা সম্ভব হবে। ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা