জুলাই গণ-অভ্যুত্থান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৭:৫০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৭:৫৭ পিএম
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চব্বিশের জুলাই আন্দোলনে শহিদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে।
নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার সকালে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় আন্দোলনে প্রাণ হারানো শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে এমপি আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী চলা আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ৬ জন নিহত হন। তাদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে থাকবে। শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের সাক্ষ্য বহন করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ, বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদির, বিএনপি নেতা আমির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।