× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু শনিবার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৭:১১ পিএম

নওগাঁ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

নওগাঁ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে পদার্পণ করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সায়েম বিন সোলায়মান এফসিএমএ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম ও প্রত্যাশার পর জেলাবাসীর সেই স্বপ্ন পূরণের মধ্যদিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্মের পাশাপাশি একটি অঞ্চলের আত্মমর্যাদা, সম্ভাবনা ও অগ্রগতির নতুন ইতিহাসের সৃষ্টি হতে যাচ্ছে।

ক্যাম্পাস প্রাঙ্গণে উদ্বোধনী উৎসব ১৮ জুলাই সকাল ১০.০০ মিনিটে বরুনকান্দি মোড়ে অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। সেখানে পায়রা অবমুক্তি ও বেলুন উড়ানো এবং  উদ্বোধনী ফলক উন্মোচন করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হবে।

ক্যাম্পাসের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১.০০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্বের মূল আলোচনাসভা ও নবীনবরণ অনুষ্ঠান। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পর নওগাঁর ঐতিহ্যবাহী আম গাছের চারা বিতরণের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়া জেলার সংসদীয় ছয়টি আসনের স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসকসহ সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রতিনিধির অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। 

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির মধ্যদিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আলোকিত অভিযাত্রা শুরু হয়।  গত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত  হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। প্রতিটি বিভাগে ৪০ জন করে প্রথম বছরে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

বাংলাদেশের কৃষি সমৃদ্ধ জনপদ নওগাঁ দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উর্বর ভূমি, পরিশ্রমী কৃষক এবং সমৃদ্ধ ঐতিহ্যের এই জনপদ আজ উচ্চশিক্ষার নতুন দিগন্তে প্রবেশ করছে। শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক।

২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম, সরকারি গেজেটের কয়েকটি পৃষ্ঠা এবং ভবিষ্যতের এক সম্ভাবনার প্রতীক। নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং বিতর্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে বাস্তব রূপ দেওয়ার পথ সহজ ছিল না। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সেই সব প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।

শিক্ষাবিদদের মতে, একটি বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের প্রতিষ্ঠান নয়; এটি একটি অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নের কেন্দ্র। নওগাঁ বিশ্ববিদ্যালয়ও ভবিষ্যতে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং এটি হবে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত নাগরিক।

আজকের এই ৮০ জন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী নন; তারা ইতিহাসের অংশ। ভবিষ্যৎ প্রজন্ম যখন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের গল্প বলবে, তখন তাদের নামও সেই ইতিহাসের প্রথম অধ্যায়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের হাত ধরেই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের এক নতুন পথচলা, এক নতুন আলোকযাত্রা।

নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবাগত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা জানিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী দিনে নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয় ঘিরে জন্ম নেবে নতুন নতুন সম্ভাবনা, প্রসারিত হবে জ্ঞান ও গবেষণার ক্ষেত্র, সমৃদ্ধ হবে নওগাঁ তথা সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থা। আজ তাই আনন্দের দিন, গর্বের দিন, ইতিহাস রচনার দিন।”

তিনি বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই শুভযাত্রা হোক জ্ঞানের আলোয় উদ্ভাসিত, সাফল্যে সমৃদ্ধ এবং আগামী প্রজন্মের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য ঠিকানা। নবাগত সকল শিক্ষার্থীকে আবারও অভিনন্দন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা হোক আলোকময়, সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা