পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধের জেরে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সলেমান তালুকদারের বিরুদ্ধে।
উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের ক্ষতিগ্রস্ত ফিরোজের বড় ভাই জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা সলেমান।
জহিরুল তার ছেলে-মেয়ের পড়াশুনার জন্য গ্রাম ছেড়ে কলাপাড়া পৌরশহরে বাসা নিয়ে থাকেন। দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে পূর্বের বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিদের কাছে বিচার চায় সলেমান। কিন্তু তাৎক্ষণিক কোনো বিচার পায় না।
এদিকে বৃহস্পতিবার রাতে ফিরোজ তার পরিবার নিয়ে বড় ভাইয়ের শহরের বাসায় ছিল। সেই সুযোগে সলেমান ও তার লোকজন ফিরোজের ঘর পুড়িয়ে দেয় বলে তাদের অভিযোগ। এ ঘটনায় ভূস্মিভূত হয় পুরো বসতঘর।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।