× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুমেক হাসপাতাল

দুর্গন্ধে অতিষ্ঠ রোগী-স্বজন

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:৩৫ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৬:৩৮ পিএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ডাম্পিং স্টেশনের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ডাম্পিং স্টেশনের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাসপাতালের মূল ফটক পেরোতেই নাকে আসে ঝাঁজালো দুর্গন্ধ। করিডোর ধরে কয়েক কদম এগোতেই চোখে পড়ে উপচে পড়া ডাস্টবিন, ছড়িয়ে থাকা খাবারের উচ্ছিষ্ট, কোথাও চিকিৎসা বর্জ্য, কোথাও আবার জমে থাকা ময়লার স্তূপ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এখন এমন চিত্র।

যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালের একাংশ যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। একদিকে চিকিৎসকদের রোগী সুস্থ করে তোলার লড়াই, অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে তৈরি হচ্ছে নতুন স্বাস্থ্যঝুঁকি। রোগী, তাদের স্বজন, এমনকি চিকিৎসক ও কর্মীদেরও চলতে হচ্ছে উদ্বেগ আর ভোগান্তি নিয়ে।

খুমেক হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন হাজারো রোগী ও স্বজনের পদচারণায় মুখর থাকে হাসপাতালটি। 

কিন্তু চিকিৎসাসেবার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে অভিযোগ।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, ডাম্পিং এলাকা এবং বহির্বিভাগ ঘুরে দেখা গেছে, বহু জায়গাতেই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব স্পষ্ট। কোথাও জমে রয়েছে আবর্জনা, কোথাও ছড়িয়ে রয়েছে মানববর্জ্য। বর্ষা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকেরাও।

সবচেয়ে বেশি অভিযোগ টয়লেট ও বাথরুম নিয়ে। মেডিসিন বিভাগের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি বাথরুম ব্যবহার করাই কঠিন। দুর্গন্ধে সেখানে কয়েক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা দায়।

এক রোগীর স্বজন হালিম আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাকে বাথরুম বলা যায় না। এর চেয়ে নোংরা জায়গা আর হতে পারে না। ময়লার বালতি ধোঁয়া হয় না, ব্যবহার্য জিনিসপত্র অপরিষ্কার। টয়লেটের ছাদ থেকে পানি পড়ে। এমন অবস্থা যে বাথরুম ব্যবহার করে বের হওয়ার পরে আবার গোসল করতে ইচ্ছে করে।

আর এক স্বজন আব্দুর রহমানের অভিযোগ, টয়লেটের আলো নেই, বেসিন ভাঙা, পানির ব্যবস্থাও ঠিক নেই। টয়লেটে বসলে ওপর থেকে পানি শরীরে এসে পড়ে। রোগীদের জন্য এটা চরম দুর্ভোগ।

শুধু বাথরুম নয়, ওয়ার্ডের মেঝে, বেডের নিচে, এমনকি করিডোরেও চোখে পড়েছে ময়লা-আবর্জনা। অনেকের প্রশ্ন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা কি?

হাসপাতালের নির্ধারিত ডাম্পিং এলাকাতেও মিলেছে একই চিত্র। চিকিৎসা বর্জ্য ও সাধারণ আবর্জনা স্তূপ হয়ে জমে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতিদিন বর্জ্য অপসারণ হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই কাজ নিয়মিত হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্নতাকর্মীর কথায়, প্রতিদিন সব ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। কয়েক দিনের ময়লা জমে থাকে। পরে একসঙ্গে সরানো হয়।

তবে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা দাবি করেছেন, ডাম্পিং এলাকায় থাকা কিছু বর্জ্য প্রায় পনেরো দিনের পুরনো। অন্য দিকে বর্জ্য অপসারণে নিয়োজিত একটি এনজিওর কর্মীদের বক্তব্য, তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

ফলে প্রশ্ন উঠছে, বাস্তব ছবির সঙ্গে সরকারি ব্যাখ্যার এত ফারাক কেন? দায় এড়ানোর চেষ্টা করছেন কে? হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতাকর্মী নাকি বর্জ্য অপসারণকারী সংস্থাÑ উত্তর এখনও স্পষ্ট নয়।

এদিকে বর্ষা শুরু হওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। হাসপাতালের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হতে পারে বলে আশঙ্কা তাদের।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক তাজরুল ইসলাম তাজ বলেন, হাসপাতাল নোংরা থাকার দায় শুধু হাসপাতালের নয়। পরিবেশ উন্নয়নে সিটি করপোরেশনকেও এগিয়ে আসতে হবে। যেসব জায়গায় পানি জমে থাকে, সেখানে মাটি বা বালু ভরাট করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমবে। তিন বলেন, আমরা চাই হাসপাতালের পরিবেশ রোগীবান্ধব হোক। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের মতে, সমস্যার দায় শুধু কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। তার কথায় আমরাও অনেক সময় যেখানে-সেখানে ময়লা ফেলি। ডাস্টবিন ব্যবহার করি না। এতে পরিবেশ নোংরা হয়। 

অব্যবস্থাপনার আর একটি ছবি ধরা পড়েছে বহির্বিভাগের নিচতলায়। রোগী ও দর্শনার্থীদের চলাচলের পথ দখল করে রাখা হয়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। এতে ভিড়ের মধ্যে চলাফেরা করাই হয়ে উঠছে কঠিন।

দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দাবি, বারবার নিষেধ করা হলেও অনেকে নির্ধারিত পার্কিং ব্যবহার করেন না।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কেসিসি এবং হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।

তার কথায়, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। কোথাও পানি জমে থাকলে তা সরানো হবে, প্রয়োজন হলে বালু ভরাট করা হবে। নিয়মিত ফগিং ও মশকনিধন কার্যক্রম চালানো হবে।

ডাম্পিং স্টেশনের বর্জ্য অপসারণ নিয়ে অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডেকে কারণ জানতে চাওয়া হবে। অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, পরিবেশ নোংরা হওয়া এবং টয়লেট সমস্যার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু সংস্কারের জন্য পর্যাপ্ত বাজেট নেই।

দুই কোটি মানুষের চিকিৎসার আশ্রয়স্থল এই হাসপাতাল। সেই হাসপাতালের করিডোরে যদি দুর্গন্ধ ভাসে, ডাম্পিং ইয়ার্ডে যদি দিনের পর দিন জমে থাকে বর্জ্য, আর রোগীর স্বজনকে যদি বাথরুমে ঢোকার আগে দুবার ভাবতে হয়, তা হলে প্রশ্ন উঠবেই, চিকিৎসার পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব নেবে কে?

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা