মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:২৪ পিএম
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকায় ক্ষেতে কাজ করছেন এক কৃষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্থানীয় চাহিদার তুলনায় রংপুরে প্রায় চারগুণ শাক-সবজি উৎপাদন হচ্ছে। তাই মৌসুমে সরবরাহ বেশি থাকায় ফসলের দাম পাচ্ছে না কৃষক। প্রায় এক যুগ ধরে সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়ে আসা হলেও তা স্রেফ প্রতিশ্রুতিতেই আটকে আছে।
অন্যদিকে সার, সেচ, কীটনাশকসহ সব উপকরণের দাম বাড়ায় ফসল উৎপাদনের ব্যয় বাড়ছে। ফলে ফসল সংরক্ষণের মাধ্যমে ন্যায্য দাম নিশ্চিতসহ কৃষকের জীবন-জীবিকা রক্ষায় জোরাল দাবি উঠেছে। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকের স্বার্থে রংপুরে প্রাথমিকভাবে মিনি কোল্ডস্টোরেজ নির্মাণের কাজ শুরু হয়েছে।
সরেজমিন দেখা যায়, রংপুর জেলার সবজি উৎপাদনের শীর্ষ উপজেলা মিঠাপুকুর। এ উপজেলায় বরবটি, করলা, কাকরোল, পটোল, লাউ, মিষ্টিকুমড়া, শসা, কচু, কাঁচামরিচ, লালশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাকসহ প্রায় ২০ প্রকার শাকসবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। তীব্র তাপদাহ উপেক্ষা করে মাঠে কাজ করছেন কৃষক। কেউ ঘাস নিড়ানাচ্ছেন, কেউ ফসল উত্তোলন করছেন, কেউ জৈব বালাইনাশক দিচ্ছেন আবার কেউবা নতুন করে শাকসবজি উৎপাদনে জমি চাষ করছেন।
মিঠাপুকুর রানীপুকুর ইউনিয়নের সদর এলাকার বকুল মিয়া ২০ শতক জমিতে কাকরোল আবাদ করেছেন। ক্ষেতের আগাছাগুলো পরিষ্কার করতে করতে তিনি বলেন, মৌসুমে তো সবার কাঁচামাল একসঙ্গে বাজারে যায়। সেই সময় ১০ টাকার মাল ৫-৬ টাকায় বেচতে হয়। কাকরোল ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেচতে হচ্ছে। স্টোর থাকলে তাতে রেখে ৪০ টাকা কেজি দরে বেচা যেত। সরকার গ্রামে গ্রামে স্টোর দিলে আমাদের ভালো হতো।
অন্য কৃষক জালাল মিয়া বলেন, এইবার ফলন ভালো হয়েছে। এই মৌসুমে পটোল, কাকরোল, করলা, বরবটিতে বাজার ভর্তি। কিন্তু বাজারে এগুলোর তেমন দাম নেই। স্টোর থাকলে মৌসুম ছাড়াও যেকোনো সময় সবজি বেচতে পারতাম। দামও বেশি পাওয়া যেত। জননেতারা ভোটের আগে স্টোর দিতে চায়। ভোট শেষ হলে প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না।
কৃষক মজনু মিয়া বলেন, আমি লাউয়ের আবাদ করি, ক্ষেত থেকে প্রতি পিস ১৫-২০ টাকা দরে বেচছি। কিন্তু এটা সংরক্ষণ করা গেলে ৪০ থেকে ৫০ টাকা দরে বেচতে পারতাম। আমরা যদি ফসলের ন্যায্য দাম বা ভালো দাম পাই, তাহলে উৎপাদনে আগ্রহ বাড়বে। আর রংপুরের উৎপাদিত ফসল কৃষকরা যদি নিজস্ব সংগঠনের মাধ্যমে রেলপথে সরাসরি ঢাকা চট্টগ্রামে পাঠাতে পারত, তাহলে বেশি লাভবান হতো। এ ছাড়া গ্রামে যেহেতু কীটনাশক কম ব্যবহার করা হয়, জৈব বালাইনাশক ব্যবহার করে শাকসবজি উৎপাদন করা হচ্ছে। তাই সরকার উদ্যোগী হলে তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রংপুর জেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে ১৭ হাজার ৮৯০ হেক্টর জমিতে শাকসবজির চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৭৬৪ মেট্রিক টন। খরিপ-১ মৌসুমে ১১ হাজার ৪০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৪ মেট্রিক টন। চলতি খরিপ-২ মৌসুমে ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও এখন পর্যন্ত ২ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে।
এ মৌসুমে শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৩৮ মেট্রিক টন। রবি, খরিপ-১ ও খরিপ-২ মৌসুম মিলে রংপুর জেলায় ৩৫ হাজার ৫৪০ হেক্টরের বেশি জমিতে ৮ লাখ ৬৩ হাজার ১৯৬ মেট্রিক টন শাকসবজি উৎপাদন হবে। এর বিপরীতে জেলার চাহিদা মাত্র ২ লাখ ৩৭ হাজার ৩৩০ মেট্রিক টন। অর্থাৎ স্থানীয় চাহিদার প্রায় চারগুণ শাকসবজি উৎপাদন হচ্ছে রংপুর জেলায়।
সব সরকারের আমলে এমপি-মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রংপুর জেলায় শাকসবজি সংরক্ষণে একাধিক সংরক্ষণাগার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু জেলার কৃষকের ঘাম-শ্রমে উৎপাদিত সবজি সংরক্ষণে সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি কেউ। ফলে বছরের পর বছর কৃষকরা ফসলের ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই কৃষকরা বর্তমান সরকারের কাছে দ্রুত শাকসবজি সংরক্ষণাগার নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে কৃষি বিভাগ জানায়, সম্প্রতি রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা, সদর ও মেট্রোপলিটন এলাকায় ৭টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এটি কন্টেইনার এবং রুম বেইজে করা হচ্ছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, যেসব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এর সফলতার ওপর ভিত্তি করে কৃষিমন্ত্রী সারা দেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন। এর ফলে কৃষক তাদের উৎপাদিত শাকসবজি সেখানে একটি নির্দিষ্ট মেয়াদে রাখতে পারবেন। এ ছাড়া রংপুরে উৎপাদিত শাকসবজি বিষমুক্ত করতে জৈব বালাইনাশকের ব্যবহার ছড়িয়ে দেওয়া হয়েছে। এটিকে সহজলভ্য করতে প্রতিটি কীটনাশকের দোকানে বাধ্যতামূলকভাবে জৈব বালাইনাশক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তম কৃষিচর্চা ছড়িয়ে রংপুরের উৎপাদিত শাকসবজি দেশ-বিদেশে রপ্তানিতে কাজ করা হচ্ছে।