সৈয়দ আহম্মদ কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার গাবতলীতে একটি পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারের পর তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সৈয়দ আহম্মদ কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে দেরিতে প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
একই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রসচিবসহ দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেও এসিল্যান্ড শাহানাজ পারভীনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ডিসির ভাষ্য, কেন্দ্রসচিব এবং গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে।
তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, বলেন তিনি।
পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে এইচএসসির ভূগোল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ে প্রশ্নপত্র কেন্দ্রে না পৌঁছানোয় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ করা হয়।
সূত্রটি আরও জানায়, এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়। পরীক্ষা শেষে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে।
ঘটনার পর গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে ডিসির কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে কেন্দ্রসচিব ও সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান মন্তব্য করতে রাজি হননি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী বলেন, কেন্দ্রসচিবের সুস্পষ্ট ব্যর্থতার অভিযোগ পাওয়া গেছে। আগামী রোববার শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেবে।
তিনি বলেন, সেই প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।