চাঁদাবাজির অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৪:০০ পিএম
স্পিডবোট। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. শহীদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং এক স্পিডবোট চালককে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে তাহিরপুর-মধ্যনগর নৌপথে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে তাহিরপুর স্পিডবোট চালক সমিতি।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মধ্যনগর সদর বাজারের স্পিডবোট ঘাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এম. শহীদ মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
ভুক্তভোগী স্পিডবোট চালক রাজু আহমেদ ও অন্যান্য চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাহিরপুর-মধ্যনগর নৌপথে চলাচলকারী স্পিডবোট চালকদের কাছ থেকে বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করে আসছেন এম. শহীদ ও তার সহযোগীরা।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে রাজু আহমেদ যাত্রী নিয়ে মধ্যনগর ঘাটে পৌঁছালে এম. শহীদ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। হঠাৎ এত বড় অঙ্কের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাজুকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর রাজু আহমেদ তাহিরপুরে ফিরে এসে বিষয়টি স্পিডবোট চালক সমিতিকে অবহিত করলে চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সমিতির জরুরি সিদ্ধান্তে বিচার না হওয়া পর্যন্ত তাহিরপুর-মধ্যনগর রুটে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
তাহিরপুর স্পিডবোট চালক সমিতির সভাপতি হবিব মিয়া বলেন, আমাদের চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ রয়েছে। সর্বশেষ রাজু আহমেদের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাহিরপুর-মধ্যনগর রুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পাওয়া যায়, তাহলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহীদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
এ বিষয়ে অভিযুক্ত এম. শহীদের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।