চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২৩:০৮ পিএম
ফাইল ফটো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানিকৃত একটি স্ক্র্যাপ জাহাজে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বন্দরের চার্লি অ্যাংকরেজে এ ঘটনা ঘটে।
জাহাজে থাকা নাবিকরা জানিয়েছেন, জাহাজটি নোঙর করার সময় ৪ থেকে ৫টি নৌকায় করে ১৫ থেকে ১৬ জন ব্যক্তি হঠাৎ জাহাজে উঠে পড়ে। তারা জাহাজে উঠে জাহাজটিকে সমুদ্রের দিকে নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন সেটি করেননি, জাহাজটিকে কর্ণফুলী নদীর মুখে নিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা জাহাজের ডেকে ও স্টোররুমে থাকা মূল্যবান মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সিয়েরালিওনের পতাকাবাহী ‘তাই শিউয়েন’ নামের অয়েল ট্যাংকারটি সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ড এমএইচ এন্টারপ্রাইজ আমদানি করে। গত ১৫ জুলাই রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। সেখান থেকে জাহাজটি ভাঙার জন্য সীতাকুণ্ডের শিপইয়ার্ডে নেওয়ার কথা ছিল।
জাহাজটি দেশে আনার দায়িত্বে থাকা শিপিং এজেন্ট ‘বেন নাইন এজেন্সিস’র কর্ণধার মো. মোশাররফ হোসাইন জানান, দুর্বৃত্তরা জাহাজে উঠে মুরিং রোপ, স্টোররুমের বিভিন্ন সরঞ্জাম এবং ডেকে থাকা ব্যাটারি চুরি করে নিয়ে যায়। দস্যুরা জাহাজে ওঠার পরপরই ক্যাপ্টেন রেডিও কন্ট্রোলে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন এবং কোস্ট গার্ডকেও জানানো হয়। তবে কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দস্যুরা পালিয়ে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক ক্যাপ্টেন জহিরুল ইসলাম বলেন, জাহাজের ক্যাপ্টেন আমাদের জানানোর পরপরই আমরা বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করি। তারা সাথে সাথে ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা হয়েছে কি না সেটি কোস্ট গার্ড বিস্তারিত জানাতে পারবে।
কোস্ট গার্ড পূর্বাঞ্চলের মুখপাত্র লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, খবর পেয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে গেলেও তাদের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য কোস্ট গার্ড কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।