প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:১১ পিএম
জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার (১৬ জুলাই) পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া-মোনাজাত, স্মৃতিচারণ ও বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দিবসের কর্মসূচিতে অংশ নেন। অফিস, প্রতিবেদক ও সংবাদদাতাদের খবরÑ
চট্টগ্রাম: চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দুপুরে ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে শহীদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শহীদ ওয়াসীম আকরামের বাবা শামসুল আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।
বিকালে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ছাত্রদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ দিকে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন রেলওয়ে স্টেশন এলাকার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
খুলনা: খুলনায় সকালে শিববাড়ি মোড়ের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মান এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সিলেট: সিলেটে রিকাবীবাজারের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বরিশাল: বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রাজশাহী: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এর আগে নগরীর সিঅ্যান্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসক, রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপি পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ময়মনসিংহ: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কিশোরগঞ্জ: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা: জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
রাঙামাটি: জেলা প্রশাসনের পাশাপাশি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়গুলোও দিবসটি নানা আয়োজনে পালন করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
গোপালগঞ্জ, ফেনী, নরসিংদী, সুনামগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, পিরোজপুর ও ভোলাতেও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
এ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। অনেক জেলায় মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।