সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
সন্দ্বীপ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সন্দ্বীপ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে রেইনকোর্ট, লাইফজ্যাকেট, সেলাই মেশিন, অগ্নি নির্বাপক যন্ত্র, ত্রীড়া সামগ্রী ও স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, কর্মসূচির আওতায় জেলেদের মাঝে ১৮টি এবং ইমামদের মাঝে ১৭টি রেইনকোর্ট বিতরণ করা হয়। এছাড়া জরুরি সেবাদানকারীদের মধ্যে ৩১ জনকে রেইনকোর্ট বা লাইফজ্যাকেট প্রদান করা হয়েছে। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৯ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া গাছুয়া একাদশ ও মুছাপুর আদর্শ ক্লাবসহ সামাজিক সংগঠনগুলোকে ত্রীড়া সামগ্রী দেওয়া হয়। বিভিন্ন এতিমখানা এবং উড়িরচর বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোস্তাফিজুর রহমান এতিমখানার ১২৭ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মৎস্য অফিস ও সমাজসেবা অফিস সার্বিক সহযোগিতা প্রদান করেছে।