কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মসজিদ পরিচালনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে কথিত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মসজিদ পরিচালনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে কথিত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কিরাটন ইউনিয়নের লাখপুর গাংপাড়া এলাকার আজিমের বাজার জামে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লাখপুর গাংপাড়া এলাকার বাসিন্দা মো. বাদল মিয়া ও তার ভাই সাইফুল ইসলাম কাঞ্চন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের দাবি, বাদল মিয়া আদালতে মুহুরি হিসেবে কাজ করার সুযোগ নিয়ে গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দায়ের করছেন। ইতোমধ্যে প্রায় ২০০ জনের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা করা হয়েছে। সর্বশেষ গত ৩ জুন মহসিন আলমসহ নয়জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’