কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৯ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:১৬ পিএম
নিহত শিশু আলী ইমরান।
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিনদিন পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত শিশুর নাম আলী ইমরান। সে একই উপজেলার বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. জসিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
তিনি বলেন, ‘শিশুটির মা ১৩ ডিসেম্বর আলী ইমরানকে নিয়ে খাইয়ার গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর এলাকায় মাইকিং ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে স্বজনরা। পুলিশ এলাকার ৪০টি বাড়িতে অভিযানসহ তিনটি পুকুরে জাল ফেলেও তার সন্ধান পায়নি। পরে আজ সকালে বাড়ির পাশের একটি ডোবায় ইমরানের মরদেহটি ভাসতে দেখেন বাড়ির লোকজন। পরে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
শিশুটির নানি পিয়ারা বেগম বলেন, ‘আমাদের সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। আমি নাতিটাকে কোল থেকে নামিয়ে ঘরে যাই। ১০-১৫ মিনিট পরই সে নিখোঁজ হয়। ঘরের পাশের বিশাল পুকুর, অথচ বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় তার মরদেহ পাওয়া গেছে।’
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি ডোবায় পড়ে গিয়ে মারা গেছে। মরদেহ সুরতহাল শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।’