কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:২৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২১:০৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে স্থানীয়রা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন কবর থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত বুধবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং মৃতের আত্মীয়স্বজন কবরস্থানে ভিড় করেন। কবরস্থানে স্বজনদের কবর রয়েছে এমন অনেক পরিবার ঘটনাস্থলে এসে নিজেদের স্বজনদের কবরের অবস্থা দেখেন। এলাকাবাসী খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ঢেকে দেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।