হুইপ জিকে গউছের চেষ্টা
আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:০৬ পিএম
জাতীয় সংসদের হুইপ জিকে গউছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ জিকে গউছের প্রচেষ্টার শায়েস্তাগঞ্জ উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এ অনুমোদনে কয়েক লাখ মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ আরও সুগম হবে।
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে দেশের ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হুইপ আলহাজ জিকে গউছ বলেন, শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতা ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের কারণে এ স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। এটি চালু হলে শায়েস্তাগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা নিজ এলাকায়ই পাবেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের যে অঙ্গীকার, এটি তারই একটি বাস্তব প্রতিফলন।
তিনি আরও বলেন, হবিগঞ্জ-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। শায়েস্তাগঞ্জের এই স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
এদিকে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।