গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৯:৫৭ পিএম
টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রায়ণকেন্দ্রে পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন ধরিয়ে দেন স্বামী শাহ আলম শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রায়ণকেন্দ্রে পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন ধরিয়ে দেন স্বামী। এ ঘটনার দুদিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী।
গত সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ ঘরে আগুন ধরিয়ে দেওয়ার পর বুধবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।
স্ত্রী তাছলিমা খানম অভিযোগ করে বলেন, স্বামী শাহ আলম শেখ যা রোজগার করে সেই টাকা দিয়ে নিয়মিত মাদক সেবন করে। তিনি ভোরণ-পোষণ তো দেনই না বরং নেশা করে উল্টো প্রায়ই মারধর করেন।
তিনি আরও বলেন, ‘মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ঘরে আগুন দেওয়ার মধ্যে দিয়ে সে সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আদালতে গিয়ে আইনানুগভাবে তাকে তালাক দিয়েছি।’
এ বিষয়ে স্বামী শাহ আলম শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোনো স্থাপনায় আগুন দেয়া অপরাধ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।