কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৫:৪৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৫:৫৫ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক বুধবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন। তিনি ওই গ্রামের হাজী কায়েম উদ্দিন ফকিরের ছেলে ও রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ জুলাই বিকেলে উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনার অংশ হিসেবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে তারা। এতে জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময় মামলার বাদী এমদাদুল হক মোটরসাইকেলে করে সেখানে পৌঁছালে আসামিরা চড়াও হয়। বাদী ও তার সঙ্গীদের মারধর করে এবং মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা, বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।