× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর জুলাই হত্যা মামলায় পুনঃতদন্তের জোর সম্ভাবনা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৪:১৭ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ফেনীর কয়েকটি জায়গার চিত্র। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ফেনীর কয়েকটি জায়গার চিত্র। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া সাতটি হত্যা মামলাসহ মোট ২২টি মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মামলাগুলোর নথি পর্যালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনি অসঙ্গতির ইঙ্গিত পাওয়ায় পুনঃতদন্তের সম্ভাবনা জোরালো হয়েছে।

অনেক মামলায় দুর্বল অভিযোগপত্র (চার্জশিট) ও মূল ঘটনায় জড়িত না থাকা ব্যক্তিদের জড়ানোসহ নানাবিধ আইনি অসঙ্গতি খুঁজে পেয়েছে আইসিটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম মামলাগুলোর নথি পর্যালোচনা করেন। এরপর বিষয়টি নিয়ে ফেনীর প্রশাসন ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

নথিতে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞাকে ঢাকায় তলব করা হয় বলেও জানায় সূত্র।

​ফেনী জেলা জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন খাঁন জানান, যথাযথ যাচাই-বাছাই ছাড়া আসামির তালিকা তৈরি এবং তড়িঘড়ি করে চার্জশিট দাখিলের ঘটনায় চিফ প্রসিকিউটর অসন্তোষ প্রকাশ করেছেন। পুরো বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করতে আগামী সপ্তাহে তার ফেনী সফরের কথা রয়েছে।

সফরকালে তিনি বিচারক, আইনজীবী, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর মামলাগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলার ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

আহত হন সাড়ে চার শতাধিক মানুষ, আর স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন প্রায় ৫০ জন।

এসব ঘটনায় সাতটি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা দায়ের হয়।

এর মধ্যে পুলিশ ছয়টি হত্যা ও পাঁচটি হত্যাচেষ্টা মামলাসহ ১১টি মামলার চার্জশিট দাখিল করেছে। দুটি হত্যা মামলার বিচারও স্থানীয় আদালতে শুরু হয়েছে।

টমটমচালক সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে এবং বহুল আলোচিত শিহাব হত্যা মামলায় চার্জ গঠনের পর সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

মামলাগুলোতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ওবায়দুল কাদের, তৎকালীন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তৎকালীন এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

২২টি মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ১১ হাজার। তাদের মধ্যে প্রায় ৫০০ জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হলেও অনেকে জামিনে মুক্তি পেয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়া অধিকাংশ প্রভাবশালী আসামি এখনও পলাতক।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অনেক নিরপরাধ মানুষকেও এসব মামলায় জড়ানো হয়েছে।

আইনজ্ঞদের মতে, এমন ত্রুটিপূর্ণ তদন্তের কারণে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে জটিলতা সৃষ্টি হতে পারে।

হত্যাচেষ্টা মামলার বাদী ও ‘আমরাই জুলাই যোদ্ধা’ ফেনী জেলা কমিটির সদস্যসচিব নাসির উদ্দিন বলেন, গণহত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারগুলো আন্দোলন চালিয়ে যাবে।

পিপি মেজবাহ উদ্দিন খাঁন বলেন, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১৫টি মামলার বিচার ফেনীর আদালতে চললেও সাতটি হত্যা মামলা দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

এরই মধ্যে ট্রাইব্যুনালের তদন্ত দল ফেনীতে তদন্ত করেছে। চিফ প্রসিকিউটরের সফরের পর পুনঃতদন্তের নির্দেশ আসতে পারে বলেও জানান তিনি।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, বিচার কোন আদালতে হচ্ছে, সেটি মুখ্য নয়; সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মু. সাইফুল ইসলাম বলেন, তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করেই চার্জশিট দেওয়া হয়েছে।

আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলে পুলিশ তা যথাযথভাবে বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা