× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৩:৫৬ পিএম

সুজানগর থানা। ফাইল ছবি

সুজানগর থানা। ফাইল ছবি

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ওসি ও এক কনস্টেবল আহত হয়েছেন।

পৌরসভার মথুরাপুর এলাকায় বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। 

‎আহতরা হলেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন। তারা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখাসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।

সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে পুলিশের টহল টিম মথুরাপুরের এলাকায় গিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই দলের কয়েকশ কর্মী-সমর্থক পুলিশের ওপর হামলা চালিয়ে সবাইকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুজন পুলিশ সদস্য আহত হন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের উপস্থিতিতে এ হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। 

তবে স্থানীয় কয়েকজনের দাবি, আব্দুল ওহাবকে গ্রেপ্তারের এলাকায় এসে পুলিশ ‘নিরিহ’ মানুষদের আটক করে নিয়ে যায়। প্রায়ই নিরিহ মানুষ ‘অন্যায়ভাবে’ আটকের স্বীকার হয় জন্য তারা ক্ষিপ্ত হয়ে এমন কাজ বেছে নেয়।

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাব বলেন, “আমি জেলার বাইরে থাকি। পুলিশের ‘তাণ্ডবে’ এলাকাতে যেতে পারি না। সেখানে আমি থাকলাম কিভাবে।”

তিনি বলেন, “যতটুকু জেনেছি, রাতে বিশ্বকাপ খেলা দেখার পর ওই এলাকায় ছেলেপেলেরা খিচুরি খাওয়া দাওয়া করছিল। এ সময় পুলিশ গিয়ে ১০/১৫ জনকে আটক করে। তখন ওই এলাকার মানুষ, এমনকি মহিলারাও নাকি বেরিয়ে এসে আটকদের ছাড়িয়ে নেয়। এসময় পুলিশের গাড়িতে বাড়ি দিছে, দুজন আহত হইছে বলে শুনলাম।”

এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, “হামলা চালিয়ে ওসিসহ দুজনকে আহত করা হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে দোষীদের শনাক্ত করার কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা