গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে নদীর পানি বেড়েছে ৩০ সেন্টিমিটার। তবে নদীর পানি এখনো বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার হিসাবে সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩৯ মিটার (এসওবি)। এ সময় নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে সকাল ৬টায় পানি সমতল ছিল ১৫ দশমিক ৩৬ মিটার, যা বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার নিচে ছিল। সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার।
পাউবোর তথ্য অনুযায়ী, উজান থেকে নেমে আসা ঢল এবং চলমান বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নদীর পানি বাড়তে থাকায় যমুনার তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানি আরও বাড়লে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।