রংপুরে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন, “জুলাইয়ে চেতনা অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ১৪০০ শহিদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা।
জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুর জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমন প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে সংসদে যে মেঠো বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য।”
মন্ত্রী বলেন, “বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। আর সে জন্যই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। জুলাই শহিদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব।”
১৬ জুলাই নিয়ে মন্ত্রী বলেন, “ঐতিহাসিক ১৬ জুলাই, বেদনা বিধুর ১৬ জলাই, সংগ্রামের ১৬ জুলাই, বিদ্রোহের ১৬ জুলাই, ফ্যাসিবাদ পতনের অগ্রযাত্রায় ১৬ জুলাই। দুবছর আগের আজকের এই দিনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। এই গণতন্ত্র পুনরুদ্ধাদের জয়যাত্রাকে সম্মান জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের এই দিনটিকে জাতীয় শহিদ দিবস, জুলাই শহিদ দিবস ঘোষণা করেছে।”
এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ অন্যরা।
জুলাই স্মৃতি স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহিদ পরিবারসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী শ্রদ্ধা নিবেদন করেন।