দুর্বৃত্তদের হামলায় নিহত বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাগানবাড়িতে প্রবেশের মুহূর্তে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।
এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোক, ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হলেও বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
উপজেলার বেড়িবাঁধ এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কয়েকজন জানান, নিজ বাগানবাড়িতে ঢোকার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন দুর্বৃত্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়।
ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয় বলেও জানান তারা।
তারা আরও বলেন, ওই সময় জাহিদুল আলমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে এলাকাবাসী একজনকে আটক করলেও অপর দুজন পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তারা জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সভাপতির নৃশংস হত্যাকাণ্ডে দলীয় নেতাকর্মী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।