চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২৩:৩৭ পিএম
ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার নৌকাসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামের একটি ফিশিং বোট ১৯ জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। গত ১৩ জুলাই থেকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে ২ দিন পর মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে, বুধবার সকাল ১০টায় ওই বোটের এক জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া অভিযান চালিয়ে বিকল বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পরে তাদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।