পত্নীতলা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:১৪ পিএম
নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে তরুণদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে তরুণদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার ওসি’র নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সর্দারপাড়া এলাকার মমিনুর ইসলাম (২২), জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী এলাকার রুমা খাতুন (২০) এবং নওগাঁর পোরশা উপজেলার সুতরইল গ্রামের সাদিয়া আক্তার মায়া (১৯)।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ভাড়া বাসায় ডেকে এনে জিম্মি করে মারধর করা হতো। একপর্যায়ে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চক্রটির আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চক্রটির সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের হানিট্র্যাপের ফাঁদ থেকে সচেতন থাকার জন্য তিনি বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানান।