বগুড়া অফিস
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:০৭ পিএম
শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ। ছবি: সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি-২০২৬-এর যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সৃজনশীল প্রশ্নপত্র ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জনের কাছে বিতরণ করা হয়।
একজনকে সঠিক প্রশ্নপত্র দেওয়া হয়। ঘটনায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজটির অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ। কেন্দ্র সচিব ও অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ‘১০৭ নম্বর কক্ষে ৪৩ জন নিয়মিত পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে ৪২ জনের কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। একজন সঠিক প্রশ্নপত্র পেয়েছিল। তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কমিটি তা বুঝে নেয়। পরে প্রতিটি কক্ষের পরিদর্শকদের কাছে প্রশ্নপত্র হস্তান্তর করা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে এই ভুল হয়েছে। এ ঘটনায় ওই কক্ষের দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’