আসাদুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়ার আসাদুল। মাফিয়া চক্রের হাতে বন্দির পর বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা ও সুদে এনে ৬ লাখ টাকা দেয় আসাদুলের অসহায় পরিবার।
গত ২ মাস আগে মাফিয়ারা মুক্তিপণের টাকা পেয়ে আসাদুলকে ছেড়ে দিলেও বিমান ভাড়ার দেড় লাখ টাকা জোগাড় করতে না পারায় অসুস্থ অবস্থায় এক বাঙালির কাছে আশ্রিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এদিকে স্বামীকে ফেরাতে সর্বস্বান্ত হয়ে দুই শিশু সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে স্ত্রী নিপা বেগমের।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০২২ সালের ১১ অক্টোবর ভিজিট ভিসায় তার এক আত্মীয় এরফান সরদারের মাধ্যমে বৈধপথে লিবিয়ায় গিয়ে আনজারা শহরে মসজিদের পাশে একটি দোকানে টেইলারিংয়ে কাজ শুরু করে।
দেশের বাড়িতে মাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পাঠিয়ে আসছিল। চলতি বছরের ৯ রমজান সেহরি খাওয়ার পরে বাসা থেকে আসাদুলকে ৫-৬ জনের একটি মাফিয়ার দল জোর করে তুলে নিয়ে যায়। লিবিয়ায় তাদের আস্তানায় নিয়ে আসাদুলকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে উলঙ্গ করে বেদম মারধর করে।
এমনকি চাকু দিয়ে খুঁচিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে ও হাত-পায়ের নখ উপড়ে ফেলার হুমকিওসহ নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে আসাদুলের বাড়িতে তার বাবা-মা, স্ত্রী, সন্তানকে দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এরপর আসাদুলের পরিবারের অসহায়ত্বের চিত্র মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখালে ৬ লাখ টাকায় রফাদফা হয় মাফিয়া চক্রের সঙ্গে। সেই টাকাও আসাদুলের অসহায় দরিদ্র পরিবার দীর্ঘদিনে জোগাড় করতে না পারায় দুই মাস ধরে মাফিয়াদের অসহ্য নির্যাতনের শিকার হয় সে।
অসহায় পরিবারের লোকজন মাফিয়াদের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করে আসাদুলের পরিবারের কাছ থেকে টাকা না পাওয়ায় মাফিয়াদের বন্দিদশায় আসাদুলের ওপর নেমে আসে আরও অমানুষিক নির্যাতন। আসাদুলের ওপর নির্যাতনের এক ভিডিওতে পরিবারকে মাফিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তার জীবন বাঁচানোর আকুতি জানায় আসাদুল।
পরবর্তীতে দেশে থাকা আসাদুলের পরিবার বাধ্য হয়ে ধারদেনা ও সুদে এনে ৫ লাখ ও স্ত্রী নিপা বেগমের বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা জোগাড় করে ৬ লাখ টাকা দেয় মাফিয়াদের। টাকা পাওয়ার পর মাফিয়ারা গত মে মাসের ২০ তারিখ রাতে চোখ বেঁধে রাস্তায় ফেলে যায় আসাদুলকে।
এরপর জনৈক সুমন নামের এক প্রবাসী তাকে দেখে চিনতে পেরে তার বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা করান এবং আশ্রয় দেয়।
গত দুই মাস চিকিৎসাবিহীন তার কাছে থাকলেও বাংলাদেশে ফিরতে প্লেন ভাড়া দের লাখ টাকার জন্য বাড়ি ফিরতে পারছে না আসাদুল।
অন্যদিকে মাফিয়াদের নির্যাতনের অসুস্থ আসাদুল লিবিয়ায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। নির্যাতনের শিকার আসাদুলের স্ত্রী নিপা বেগম স্বামীকে দেশে ফিরিয়ে আনতে সরকারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে শিশু সন্তানসহ দ্বারে দ্বারে ঘুরছেন।