বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৪৪ পিএম
নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন। ফাইল ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের ৯টি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও বসতবাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জল অনুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীর পানি ৩৭ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাটের তেঁতুলিয়া নদীর পানি ২১ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা ও মেঘনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার এবং তজুমদ্দিনের সুরমা ও মেঘনা নদীর পানি ১ দশমিক ২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া বরগুনার বিষখালী ও খাকদোন নদীর পানি ১১ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি ৯ সেন্টিমিটার, মির্জাগঞ্জের পায়রা ও শ্রীমন্ত নদীর পানি ৬৫ সেন্টিমিটার এবং উমেদপুরের কঁচা নদীর পানি ১১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে উজিরপুর ও বানারীপাড়ার সন্ধ্যা নদী, কাটিপাড়ার লোহালিয়া নদী এবং বাকেরগঞ্জের তুলাতলি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও টানা বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।
এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনাসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি এবং অনেক এলাকায় বসতবাড়িতে পানি ঢুকে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, “দুপুরের পর হঠাৎ পানি বেড়ে যায়। ঘরের মধ্যেই পানিবন্দি হয়ে পড়েছি”।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মুরাদ হোসেন বলেন, “কয়েকদিন ধরেই নদীতে পানি বেশি ছিল। আজ সকাল থেকে আরও বাড়তে শুরু করেছে। আমাদের বাড়ির সামনের ফসলি জমি প্লাবিত হয়েছে”।