কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে নৌপথই মানুষের জীবন-জীবিকার প্রধান ভরসা। কিন্তু সেই নৌপথেই সংঘবদ্ধ নৌ-ডাকাত চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো হাওরজুড়ে। একের পর এক ডাকাতির ঘটনায় জেলে, ব্যবসায়ী, যাত্রী ও পর্যটকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সন্ধ্যার পর অনেক নৌপথ কার্যত জনশূন্য হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে বিশেষ নৌ-টহল, গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান শুরু করেছে। একই সঙ্গে ডাকাতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
পুলিশ জানায়, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় পুরো বর্ষা মৌসুমজুড়ে ঝুঁকিপূর্ণ নৌপথে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কয়েক দিনের ব্যবধানে তিনটি বড় ডাকাতি : গত ৭ জুলাই রাতে মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। মারধর করে তাদের মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়া হয়।
একই দিন রাত ১০টার দিকে করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে মিঠামইনের ঘাগড়াগামী একটি ট্রলারেও ডাকাতি হয়। সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সুইজগেট এলাকায় ১৫ দিনের এক শিশুর মরদেহ বহনকারী ওই ট্রলারে হামলা চালিয়ে ডাকাতরা তিনটি মোবাইল ফোন, একটি সোলার ব্যাটারি ও নগদ অর্থ লুট করে। মানবিক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
এরপর ৮ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেয়ারপুর ব্রিজসংলগ্ন বগাডুবি খাল এলাকায় যাত্রীবাহী ট্রলারে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি হয়। এ সময় হাঁড়ি-পাতিল, ইঞ্জিনের যন্ত্রাংশ, দুটি মোবাইল ফোন এবং নগদ ৭৪ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বলেন, বেলা সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। পানি কমে গেলে সড়কপথেও অভিযান বাড়ানো হবে।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, থানা পুলিশ, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। নিরাপত্তার স্বার্থে বিকাল সাড়ে ৫টার পর জরুরি প্রয়োজন ছাড়া হাওরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কেএম আরিফুল বলেন, হাওর অঞ্চল সরাসরি নৌ পুলিশের আওতায় না থাকলেও জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, একটি বড় নৌ-ডাকাতির রহস্য ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। জড়িত ডাকাতচক্রের সদস্যদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও দেওয়া হয়েছে। পর্যটকদের বিকাল সাড়ে ৫টার পর হাওরে অবস্থান না করার আহ্বানও জানান তিনি।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; হাওরবাসীকেও ডাকাত প্রতিরোধে সংগঠিত হতে হবে। তিনি তিনটি থানার জন্য দ্রুতগতির স্পিডবোট বরাদ্দের দাবি জানিয়ে বলেন, ডাকাতদের তালিকা আমাদের কাছে রয়েছে। অপরাধ ছেড়ে না দিলে তাদের জায়গা হবে জেলখানায়।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হাওরাঞ্চলে ডাকাতি দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতচক্রকে নির্মূল করা হবে এবং অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।