× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৩৫ পিএম

শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির চাচি লতা বেগমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে প্রধান অভিযুক্ত লতা বেগম পলাতক রয়েছেন। ঘটনাটি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। ভুক্তভোগী শিশু রিজিক ওই গ্রামের জহির মিয়া ও সাইফা আক্তার দম্পতির সন্তান।

গত মঙ্গলবার রাতে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার মাধবদী থানায় মামলাটি করেন। গ্রেপ্তার দুজন হলেনÑ অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার আহমেদ এবং তার বাবা আলমাস মিয়া। বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভোগায় শিশু রিজিক প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিল। যৌথ পরিবারে বসবাসকারী জহির মিয়া ও তার বড় ভাই কাউসার আহমেদের পরিবারের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, শিশুটির অসুস্থতার কারণে মা সাইফা আক্তার সংসারের কাজে নিয়মিত অংশ নিতে না পারায় তাকে বিভিন্ন সময় কটূক্তি করতেন লতা বেগম।

এতে আরও বলা হয়, গত শনিবার বিকালে সাইফা আক্তার শিশুকে নিয়ে নিজ কক্ষে ছিলেন। ওয়াশরুমে যাওয়ার আগে তিনি সন্দেহবশত মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে যান। অভিযোগ অনুযায়ী, তার অনুপস্থিতির সুযোগে লতা বেগম কক্ষে ঢুকে শিশুটির পা মুচড়ে দেওয়ার চেষ্টা করেন। পরে কাউসার আহমেদ ও আলমাস মিয়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তারা লতা বেগমকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং সাইফা আক্তারের মোবাইল থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলেন। তবে তার আগেই ভিডিওটি তিনি প্রবাসে থাকা ভাই ইব্রাহিমের কাছে পাঠিয়ে রেখেছিলেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, শিশুটির পায়ের এক্স-রে পরীক্ষায় কোনো ভাঙন বা আঘাতের আলামত পাওয়া যায়নি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তবে জন্মগত কিছু শারীরিক সমস্যার কারণে সে চিকিৎসাধীন রয়েছে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির বাবা-মা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী ছিলেন না। তবে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার বাদী হয়ে মামলাটি করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা