× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যা-পরবর্তী পুনর্বাসন ক্ষত কাটাতে তৎপরতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৩০ পিএম

চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করলেও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য জেলাগুলোতে এখনও কাটেনি দুর্যোগের প্রভাব। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, অবকাঠামো পুনর্গঠন এবং কৃষি পুনরুদ্ধারে সরকার, প্রশাসন, বিজিবি ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা রাজনৈতিক বৈষম্য বরদাশত করা হবে না। দুর্গতদের সহায়তায় রাজনীতির কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে কৃষি, মৎস্য ও আবাসন খাতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বন্ধ হয়ে যাওয়া খাল পুনঃখননের কাজও চলমান রয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঢোমরা জলকদরের খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় বন্যাকবলিত মানুষের মধ্যে স্বাস্থ্যসামগ্রী (হাইজিন কিট) বিতরণ এবং মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

বান্দরবান : বান্দরবানে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে। এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য মেক্সি খাল পুনরুদ্ধারের কথাও জানান তিনি।

রাঙামাটি : রাঙামাটিতে বন্যার পানি নেমে যাওয়ার পর অবকাঠামো ও কৃষি খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি সামনে এসেছে। এলজিইডির প্রায় ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে প্রায় ৯ কোটি টাকা প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগের আওতায় আরও ২৬টি স্থানে ধস নেমেছে। বন্যায় ৩ হাজার ৬৭৫ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বন্যার পানি নেমে গেলেও কৃষি ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। জেলার ৭ হাজার ৩৪৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগের হিসাবে ক্ষতির পরিমাণ ১১ কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বীজ ও সার সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়ায় : কক্সবাজারের চকরিয়ায় টানা বর্ষণ ও বন্যায় আমনের বীজতলা, পেঁপে, করলা, শসা, বেগুন ও কলাসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। অনেক কৃষক লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।

মৌলভীবাজার ও ফেনী : মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বুধবার দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফেনীর পরশুরামেও বিজিবির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সভা এবং প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বুধবার উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। সংগঠনের নেতারা জানান, দুর্গত মানুষের পাশে ভবিষ্যতেও তারা থাকবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা