শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:০৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে মঙ্গলবার রাতে ডাকাতিকালে বাধা দেওয়ায় ডাকাতদের হাতুড়ির আঘাতে গৃহবধূ নিহতের ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রবা ফটো
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতিকালে বাধা দেওয়ায় ডাকাতদের হাতুড়ির আঘাতে রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। ওই সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাত্ত্বলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিগান আক্তার মিম ওই গ্রামের মৃত সেলিম বেপারীর বড় ছেলে সাইফুল ইসলাম রনির স্ত্রী। তিনি ৩ বছর বয়সী কন্যা সাইফা ও ৪ মাস বয়সী ছেলে সিরাজের জননী। তার স্বামী রনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনাকালে বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম এবং তিনটি শিশু ছিল।
আহত গৃহবধূ সুমাইয়া আক্তার জানান, মঙ্গলবার গভীর রাতে মুখ বাঁধা দুই ব্যক্তি তাকে ও তার শিশুকে ছুরির মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দিতে বলে। তিনি আলমারিতে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বাধা দিলে ডাকাতরা তার ওড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং হাতুড়ি দিয়ে মাথায় দুই দফা আঘাত করে। পরে তার কানের দুল, আলমারি থেকে আরেক জোড়া দুল ও একটি আংটি নিয়ে যায়।
পরিবারের সদস্য নুরুল ইসলাম জানান, রাতে তিনি বাড়ির লোহার গেটে তালা লাগিয়ে চাবি টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। চিৎকার শুনে জেগে উঠে গেট খুলতে গিয়ে দেখেন গেটটি ভেতর থেকে আটকানো থাকলেও তালাটি নেই।
প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিলে স্থানীয়রা গেট খুলে ঘরে প্রবেশ করে গৃহবধূর মৃতদেহ দেখতে পায়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।