এম এ এহসান রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২০:৫৬ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২১:২৬ পিএম
কমলনগরের পূর্ব চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকার প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
প্রকল্পের প্রাক্কলনে বাধ্যতামূলক স্টিল শাটারিংয়ের পরিবর্তে বাঁশ, কাঠ ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও পরিচালনা কমিটির সদস্যদের।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় কমলনগর উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ, অতিরিক্ত শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় গোফরান ট্রেডার্স ও ফয়সাল ট্রেডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্পের অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী ভবনের কলাম, টাইবিম, লিন্টেল ও ছাদের ঢালাইয়ে আধুনিক স্টিল ফর্মওয়ার্ক (স্টিল শাটারিং) ব্যবহার বাধ্যতামূলক। এজন্য নির্ধারিত মানের ১৬ বিডাব্লিউজি এমএস শিট ও নির্দিষ্ট মাপের অ্যাঙ্গেল ব্যবহারের নির্দেশনা রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে স্টিল শাটারিং বাবদ সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে।
কিন্তু অভিযোগ রয়েছে, অনুমোদিত নকশা ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্টিল শাটারিংয়ের পরিবর্তে পুরনো বাঁশ, কাঠ ও জরাজীর্ণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। এতে নির্মাণ ব্যয় কমিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু স্টিল শাটারিং বাবদই ৯টি প্রকল্পে প্রায় ৪৫ লাখ টাকার কাজ বাস্তবে না করেই সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর মধ্যে রয়েছে চরজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজাঙ্গালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাদিরা কে. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রকল্প।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার রাজস্ব উন্নয়ন ও এডিপির বিশেষ বরাদ্দের প্রায় ৫৫ লাখ টাকার টেন্ডার নিয়েও উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি বিধি উপেক্ষা করে জনগুরুত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দ এবং একই পরিবারের চারজন ঠিকাদারকে চারটি প্যাকেজ পাইয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, কাজ পাওয়া এসব ঠিকাদারের সঙ্গে উপজেলা প্রকৌশলীর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রকৌশলী মোজাহিদ কমলনগরে যোগদানের পর থেকে জড়িয়ে পড়েন নানা অনিয়ম দুর্নীতিতে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রধান শিক্ষক বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অর্থায়নে সরকার বিপুল অর্থ বরাদ্দ দিলেও একটি অসাধু চক্রের কারণে পুরো উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের অভিযোগ, এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না এবং নির্মাণের মানও সন্তোষজনক নয়। কেউ অনিয়মের প্রতিবাদ করলে উল্টো চাঁদাবাজির অভিযোগে হয়রানির ভয় দেখানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে গোফরান ট্রেডার্স ও ফয়সাল ট্রেডার্সের পরিচালক মো. গোফরান বলেন, এস্টিমেট অনুযায়ীই কাজ করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর নির্দেশনা অনুসারেই সব কাজ চলছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদ বলেন, কিছু অনিয়ম পেয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারকে অবহিত করা হয়েছে, পরে সাক্ষাতে বিস্তারিত কথা বলব।
লক্ষ্মীপুরের জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিন বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।