প্রতিকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ঘাস কেটে পার হওয়ার সময় স্রোতের টানে নিখোঁজের চার দিন পর কৃষক মাসুক মিয়ার (৪৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের হকতিয়ারখোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুলাই) সকালে মাসুক মিয়া তার নিজের গবাদিপশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। ঘাস কাটা শেষে সেই ঘাসের বোঝা মাথায় নিয়ে খরস্রোতা ধলাই নদী সাঁতরে পার হচ্ছিলেন তিনি। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে টানা দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও নদীর তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের চার দিন পর গতকাল সকালে হকতিয়ারখোলা এলাকায় ধলাই নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মাসুক মিয়ার মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কৃষকের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।