বগুড়ার আজিজুল হক কলেজ
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রশাসন কয়েকটি অস্থায়ী বেঞ্চ বসিয়ে বানানো ‘সাঁকো’ দিয়ে পরীক্ষার্থীরা হলে যান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারী বৃষ্টি হলেই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরো ক্যাম্পাস পানির নিচে তলিয়ে যায়। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে। গত সোমবার টানা বৃষ্টির পর হাতে জুতা, গুটানো প্যান্ট আর কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের।
পরদিন সকালে কলেজ প্রশাসন কয়েকটি বেঞ্চ বিছিয়ে অস্থায়ী চলাচলের ব্যবস্থা করলেও একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, মাঠ ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। দীর্ঘদিনের এ জলাবদ্ধতার জন্য কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একে অপরকে দায়ী করলেও স্থায়ী সমাধান এখনও অধরাই।
জলাবদ্ধতা নিরসনে কলেজ প্রশাসন দায় এড়িয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বগুড়া সিটি করপোরেশনের দিকে আঙুল তুললেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, কলেজের নিজস্ব উদ্যোগেও সমস্যার বড় একটি অংশের সমাধান সম্ভব ছিল। পানি নিষ্কাশনে মাত্র তিনটি পাম্প স্থাপন পাশাপাশি কলেজের সীমানা এলাকার নিচু অংশ মাটি ফেলে উঁচু করা হলে বাইরের পানি ভেতরে ঢোকার প্রবণতাও অনেক কমে যেত।
সরেজমিন দেখা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত কলেজের অধিকাংশ সড়ক পানির নিচে ছিল। পরীক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অনেকেই জুতা হাতে নিয়ে বা প্যান্ট গুটিয়ে চলাচল করছেন। বিভিন্ন ভবনের নিচতলা ও মাঠে পানি জমে থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে প্রতি বছর বিবিধ ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। কলেজে ২০ হাজারের বেশি শিক্ষার্থী থাকায় শুধু এই খাত থেকেই বছরে ২০ লাখ টাকার বেশি অর্থ জমা হওয়ার কথা। অথচ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পাম্প কেনা বা ছোট পরিসরের প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, বৃষ্টি হলেই কলেজে আসতে ভয় লাগে। পুরো ক্যাম্পাস পানিতে ডুবে যায়। অনেক সময় জুতা, বই-খাতা সব ভিজে যায়। এত বড় কলেজে এমন পরিস্থিতি খুবই লজ্জার। শিক্ষার্থী রাকিব হাসান বলে, প্রতি বছর একই সমস্যা হয়। অথচ সমাধান হয় না। আমরা শুধু আশ্বাসই শুনে যাচ্ছি।
এইচএসসি পরীক্ষার্থী নাবিলা রহমান বলেন, পরীক্ষার দিন কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে যেতে হয়েছে। অনেকের প্রবেশপত্র ও পোশাক ভিজে গেছে। পরীক্ষার্থীদের কথা ভেবেও আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। শিক্ষার্থী তানজিলা খাতুন বলেন, মঙ্গলবার বেঞ্চ বিছিয়ে রাস্তা করা হয়েছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়।
আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, জলাবদ্ধতায় কলেজ ডুবে যাচ্ছে, শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে, কিন্তু প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানে ইচ্ছামতো কাজ করা যায় না। আমরা বগুড়া সিটি করপোরেশন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি। তারাই প্রয়োজনীয় কাজ করবে। আর কলেজের বিবিধ তহবিল দিয়ে ছোটখাটো উন্নয়নমূলক কাজ করা হয়, বড় ধরনের কাজ করার সুযোগ নেই।
বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, কলেজের সীমানা এলাকায় মাটি ফেলে উঁচু করতে হবে। পাশাপাশি তিনটি পাম্প থাকলে অল্প সময়েই জমে থাকা পানি নিষ্কাশন করা সম্ভব। আমরা এসব কাজের পরিকল্পনা করেছি। কিন্তু প্রকল্পটি এখনও অনুমোদন পায়নি।
এদিকে গত মঙ্গলবার দুপুরে বগুড়া সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে তারা জলাবদ্ধতার কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন বলেন, কলেজ থেকে আমাদের কোনো কিছু বলা হয়নি। জেলা প্রশাসকের বার্তা পেয়ে আমরা আমাদের সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে পরিদর্শনে পাঠিয়েছিলাম। সেখানে পুকুর ছিল, সেটাও ভরাট করে ফেলেছে, এই জলাবদ্ধতা নিরসনে কলেজ প্রশাসনের সদিচ্ছাও লাগবে।