× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় জেলের জালে ‘গ্রেনেড’, অতঃপর...

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম

রাজশাহীতে বুধবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে উঠে এসেছে গ্রেনেড সদৃশ বস্তু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীতে বুধবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে উঠে এসেছে গ্রেনেড সদৃশ বস্তু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এলো গ্রেনেড সদৃশ বস্তু। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ বস্তুটি হেফাজতে নেয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করে।

রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা-পিরোজপুর এলাকায় বুধবার (১৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এদিন পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরতে যান রাওথা গ্রামের জেলে সাইদার রহমান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী একটি ধাতব বস্তু উঠে আসে। প্রথমে তিনি সেটিকে নদীতে পাওয়া কোনো গুপ্তধনের অংশ মনে করে বাড়িতে নিয়ে যান।

বাড়িতে আনার পর বস্তুটি পরিষ্কার করার সময় সাইদারের ছেলে সাব্বির রহমান সেটির ছবি তুলে ইন্টারনেটে অনুসন্ধান করেন। অনুসন্ধানে এটি বোমা বা গ্রেনেড সদৃশ হতে পারে বলে ধারণা পেয়ে তারা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মীরগঞ্জ বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে রাখা হয় এবং আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করে।

জেলে সাইদার বলেন, ‘জাল থেকে তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলে ইন্টারনেটে দেখে জানায়, এটি বোমার মতো দেখতে। এরপর পুলিশকে খবর দিই। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি।’

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। তারা এসে বস্তুটি নিষ্ক্রিয় করেছে। এটি প্রকৃতপক্ষে গ্রেনেড নাকি অন্য কোনো বিস্ফোরক, তা বিশেষজ্ঞ দলের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সন্দেহজনক বা অজ্ঞাত কোনো বস্তু স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা