বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৩২ মিনিট আগে
প্রতিদিন হাঁটুজল পেরিয়ে, ব্যাগ মাথায় তুলে কিংবা কাঁধে ঝুলিয়ে এবং জুতা হাতে নিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্ষাকাল যেন দুর্ভোগের আরেক নাম। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিন হাঁটুজল পেরিয়ে, ব্যাগ মাথায় তুলে কিংবা কাঁধে ঝুলিয়ে এবং জুতা হাতে নিয়ে স্কুলে যেতে হচ্ছে ১৩২ জন শিক্ষার্থীকে। ভেজা ও কাদামাখা পোশাকেই তাদের চালিয়ে যেতে হচ্ছে শ্রেণিকক্ষের পাঠদান।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে ও সংযোগ সড়কে জলাবদ্ধতার কারণে ছোট ছোট শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্য দিয়ে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে। বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় তারা ব্যাগ মাথায় তুলে পানি পেরিয়ে আসছে। এতে বিদ্যালয়ে উপস্থিতির হারও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন নোংরা পানির মধ্য দিয়ে চলাচলের কারণে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে, পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া বিদ্যালয়ের পুকুর-সংলগ্ন একটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না হলে ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীরা প্রতিকূলতা উপেক্ষা করেই বিদ্যালয়ে আসছে। কিন্তু নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রতিদিন হাঁটুজল পেরিয়ে বিদ্যালয়ে যেতে হওয়া শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত দুর্বলতারই প্রতিচ্ছবি”।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, “শিশুরা খুব কষ্ট করছে। উপজেলার ৩৪টি বিদ্যালয়ের নতুন রাস্তা নির্মাণের চাহিদা ইউএনও কার্যালয়ে পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি”।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, “উপজেলার অন্তত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে। গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও প্রশাসনের নজরে এসেছে”।
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।