সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ১৯:২৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম
উড়িরচর বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উড়িরচর দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান এতিমখানায় মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম বিতরণ করেন (ইউএনও) আমজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রাকৃতিক প্রতিকূলতা ও বৈরী আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিন্ন পন্থায় চট্টগ্রামের সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
সন্দ্বীপ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে মঙ্গলবার ওই ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে স্কুল ইউনিফর্ম পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উড়িরচর বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী এবং উড়িরচর দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান এতিমখানার ৬৫ জন শিক্ষার্থীর জন্য এই ইউনিফর্ম বরাদ্দ করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ইউএনও সরাসরি সেখানে পৌঁছাতে না পারলেও বিকল্প বিশেষ ব্যবস্থায় উপহারগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। নতুন ইউনিফর্ম হাতে পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা আনন্দঘন মুহূর্তের ছবি তুলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, “প্রাকৃতিক প্রতিকূলতা থাকলেও শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমি আনন্দিত। তাদের হাসিমুখই আমাদের কাজের প্রেরণা।”