ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
হেয়াকো বাজারে জরুরি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি ঘোষণা করে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ‘যৌক্তিক স্থানে’ স্থাপনের দাবিতে আন্দোলন আরও জোরালো করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
দাবি আদায়ে বৃহস্পতিবার দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ বুধবার দুপুরে হেয়াকো বাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়।
পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ লিখিত বক্তব্যে জানান, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সদর দপ্তরের স্থান নির্ধারণে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ পরিস্থিতিতে দাবি আদায়ে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে। চলমান পরীক্ষার কথা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানও কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, হরতালের সময় ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে মনির হায়দার, মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর ও শফিউল আলমসহ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।