খুলনা অফিস
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় এসএ টিভির বিভাগীয় প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি-সহ চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
তারা বলেছেন, সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল ব্যক্তি সাংবাদিকের ওপর হামলা নয়, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
এমইউজে খুলনার সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, হাসান হিমালয়, আশরাফুল ইসলাম নুর, আব্দুর রাজ্জাক রানা, সৈয়দ রানা কবির, রফিউল ইসলাম টুটুল, জিয়াউস সাদাত, আনারুল ইসলাম কাজল, এম এ হাসান, মাকসুদ আলী, প্রবীর বিশ্বাস, শাহজালাল মোল্লা মিলন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও সরকারকে বিব্রত ও বিতর্কিত করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা একটি পরিচিত কর্মীর বাড়িতে হামলার পাশাপাশি চার সাংবাদিককে লক্ষ্য করে সংঘবদ্ধভাবে গুলিবর্ষণ করে। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
তাদের ভাষায়, গত রাতে সাংবাদিকদের লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছে, তা যদি কারও শরীরে বিদ্ধ হতো, তাহলে আজ আমরা মানববন্ধনে নয়, হাসপাতাল কিংবা কফিনের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করতাম।
বক্তারা আরও বলেন, দেশে অতীতেও সাংবাদিকদের ওপর অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ঘটনার বিচার হয়নি। বর্তমানে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়। দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে রকিবুল ইসলাম মতির পেশাগত সততার প্রশংসা করে বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সম্প্রতি তিনি যেসব বিষয় নিয়ে কাজ করছিলেন, সেগুলোও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
বক্তারা বলেন, দেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, দ্রুত বিচার নিশ্চিত এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।