সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুতের লাইনের ওপর ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণে স্থানীয়দের বাধার অভিযোগ উঠেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুতের লাইনের ওপর ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণে স্থানীয়দের বাধার অভিযোগ উঠেছে।
বিদ্যুৎ বিভাগের দাবি, এ বাধা অব্যাহত থাকলে নাজিরহাট ফিডার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা গাছপালা ঝড়-বৃষ্টি কিংবা প্রবল বাতাসে দুলে তার ছিঁড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। অনেক সময় গাছ উপড়ে পড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটতে পারে।
এসব ঝুঁকি কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় সূত্রটি।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ অত্যন্ত জরুরি।
তবে কয়েকটি স্থানে স্থানীয়দের বাধার কারণে নির্ধারিত কাজ ব্যাহত হচ্ছে বলেও দাবি তার।
তিনি বলেন, এ ধরনের প্রতিবন্ধকতা অব্যাহত থাকলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, জনস্বার্থে পরিচালিত এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।
নিরাপদ, নির্ভরযোগ্য ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এলাকাবাসীকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।