সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২২ ঘণ্টা আগে
সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজন জলদস্যুকে আটক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে সন্দ্বীপের উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানালে কোস্ট গার্ড ঘটনাটি সম্পর্কে অবগত হয়। এর পরপরই ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় গত সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্দ্বীপ থানাধীন চৌধুরী বাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত একটি ফিশিং বোটসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাইয়ের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।