নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৫:১৮ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়িতে সোমবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
এদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুর জেলার কালিগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়ির ভাড়াটিয়া।
দগ্ধ অপর তিনজনের নাম তাতক্ষণিকভাবে জানা যায়নি।
স্যানেটেরি মিস্ত্রী আব্দুল জলিল বলেন, “দেলোয়ার হোসেনের সাথে ১৭ হাজার টাকায় চুক্তি হয় সড়ক কেটে তার বাড়িতে তিতাস গ্যাসের একটি সংযোগ দেওয়ার। বিষয়টি দেলপাড়া এলাকার গ্যাস কন্ট্রাক্টর মাসুমকে জানালে সে কয়েকজন লোক দেয় আর আমার পক্ষ থেকে আরিফুলকে নিয়ে রাতে কাজ শুরু করি।”
তিনি বলেন, “মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন আমাদের চারজন শ্রমিক আহত হয়। তিনজনের নাম জানা নেই, তারা সামান্য আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আরিফুল ইসলামকে তাৎক্ষণিক আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছে তার শরীরের ৬৫% দগ্ধ হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, অবৈধ সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চাজন দগ্ধ হয়েছেন বলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।