জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৩:০৫ পিএম
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের মূল ফটকে তালা ঝুলিয়ে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্য পরিশোধের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। প্রবা ফটো
সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের মূল ফটকে তালা ঝুলিয়ে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্য পরিশোধের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা।
আনন্দপুর এলাকায় অবস্থিত গ্যাস ফিল্ডে গিয়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে ক্ষুব্ধ মালিকপক্ষ এ কর্মসূচি পালন করেন।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ২০১৭
সালের দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড
(বাপেক্স) জকিগঞ্জের আনন্দপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পায়। পরবর্তী
সময়ে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় ওই এলাকার ১৬ কেদার (কিয়ার) ভূমি অধিগ্রহণ করেন
সিলেটের জেলা প্রশাসক (ডিসি)। কিন্তু ভূমি অধিগ্রহণের দীর্ঘ সময় পার হলেও মালিক পক্ষকে
কোনো ক্ষতিপূরণ বা ভূমির মূল্য পরিশোধ করা হয়নি।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভূমির মালিকদের
পাওনা টাকা না দিয়েই গ্যাস ফিল্ডের আনুষ্ঠানিক খনন কার্যক্রম শুরু করা হয়। এর আগেও
ভূমির ন্যায্যমূল্য পরিশোধের দাবি জানিয়ে মালিক পক্ষ কাজ শুরু করতে বাধা দিয়েছিলেন।
কিন্তু প্রশাসনের আশ্বাস সত্ত্বেও দীর্ঘদিনে পাওনা পরিশোধ না করায় এবার তারা গ্যাস
ফিল্ডে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছেন।
অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে রয়েছেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস
সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদ, আতাই মিয়া, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ওয়াহিদ
মিয়া ও নুরুল হুদাসহ স্থানীয় আরও অনেকেই।
ভূমির মালিকরা জানান, তারা সরকারের
উন্নয়ন কাজের বিরোধী নন, তবে বছরের পর বছর ধরে নিজেদের পৈতৃক ভূমির ন্যায্য পাওনা থেকে
বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে
অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন
তারা।