গাঁজা সেবনের দায়ে যুবককে বিনাশ্রম সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে দ্বিপু নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম সাজা ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত দ্বিপু উপজেলার অলংকারকাঠি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার অলংকারকাঠি সেতুর (ব্রিজ) কাছে বসে দ্বিপু গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের বিনাশ্রম সাজা এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।