প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ০১:২২ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ০১:২৮ এএম
বন্যাদুর্গত অর্ধ লক্ষাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চট্টগ্রাম, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। দুর্যোগের এ সময়ে সরকারের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিন দিন ধরে চন্দনাইশ ও সাতকানিয়া এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি। ইতোমধ্যে অর্ধ লক্ষাধিক পরিবার ত্রাণসামগ্রী পেয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের এ সংসদ সদস্য রবিবার চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করেন। উপজেলার দোহাজারী পৌরসভা, দিয়াকুল, সৎসঙ্গপাড়া, ঘাটিয়াপাড়া, শঙ্খ নদীর তীরবর্তী এলাকা, হাশিমপুর বড়পাড়াসহ বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ দিন প্রায় সাড়ে ১০ হাজার বন্যাদুর্গত পরিবার এসব ত্রাণসামগ্রী পেয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু কুমার চাকমা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইফতেখার চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন এবং আমির হোসেন।
এর আগে শনিবার দিনব্যাপী চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ৫০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়। সাতকানিয়া উপজেলার বাজালিয়া, ধর্মপুর ও কেউচিয়া এলাকায় পানিবন্দি পরিবারের হাতেও ত্রাণসামগ্রী তুলে দেন জসীম উদ্দীন আহমেদ।
সর্বশেষ সাতকানিয়া কেউচিয়া ইউনিয়নে সোমবার ত্রাণসামগ্রী বিতরণের সময় জসীম উদ্দীন জানান, পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ঠিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহায়তা করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী খাবার নিয়ে বিপন্ন মানুষের কাছে পৌঁছেছে। এ সময় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
জসীম উদ্দীন আহমেদ আরও বলেন, ৫০ হাজার পরিবারের মধ্যে চাল, চিড়া, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, শুকনো খাবার, বিস্কুট, লবণ, বিশুদ্ধ পানিসহ ১২ ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা অব্যাহত থাকবে।