চট্টগ্রাম-২
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২২:০৩ পিএম
সারোয়ার আলমগীর। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ওই আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সোমবার (১৩ জুলাই) এ আবেদন করা হয়।
আবেদনে নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ অধিবেশনে সারোয়ার আলমগীরের অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়েছেন। আপিল আবেদনটি পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী রবিবার (১৯ জুলাই) নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত। এসংক্রান্ত বিষয়ে করা আপিল আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জামায়াত প্রার্থীর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
চেম্বার জজ আদালতে এ দিন আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। সারোয়ার আলমগীরের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।
এর আগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বিষয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও মো.আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বৃহস্পতিবার (৯ জুলাই) ওই রায় দিয়েছিলেন। রায়ের পর এরই মধ্যে গেজেট প্রকাশ করেছে কমিশন।