কালিয়া (নড়াইল) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:২৪ পিএম
নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই যুবককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম সাজার আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জিন্নাতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল গ্রামের মৃত রজব আলী মোল্যার ছেলে তামিম মোল্যা এবং নড়াগাতী থানার জয়নগর গ্রামের রাকিব মোল্যা। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকসেবী কিংবা মাদক কারবারি কেউ আইনের ঊর্ধ্বে নয়।