সাতক্ষীরা, গাজীপুর ও পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:১৯ পিএম
প্রতিকী ছবি
সাতক্ষীরায় প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার বিকালে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর অবস্থায় শিশুটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এই ঘটনায় সোমবার (১৩ জুলাই) শিশুটির মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এতে ওই গ্রামের আহসান উল্লাহকে (১৬) একমাত্র আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী কিশোর আহসান উল্লাহ রবিবার বিকালে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনৈক রফিকুলের একতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির কান্নাকাটি ও রক্তক্ষরণ দেখে তার চাচি এগিয়ে এলে আহসান পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির শরীরে চারটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গাজীপুরের কালীগঞ্জে ৫ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের একাধিক শিশুর সঙ্গে দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শফিকুল ইসলাম (৫৫) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের মৃত ফায়েজ উদ্দিনের ছেলে। তিনি নিজ বাড়ি সংলগ্ন একটি মুদি দোকান পরিচালনা করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী শিশুর মা উল্লেখ করেন, গত ৯ জুলাই দুপুরে শফিকুল ইসলাম তাদের বাড়িতে পানি নেওয়ার জন্য আসেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তার পাঁচ বছর বয়সী মেয়েকে একা পেয়ে শারীরিকভাবে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যান। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মায়ের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও তার ৭ বছর বয়সী বড় মেয়ে এবং ৫ বছর বয়সী মেঝ মেয়ের সঙ্গে অভিযুক্ত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন। দোকানে কিছু কিনতে গেলে শিশুদের সঙ্গে অভিযুক্তের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার হাঁড়িয়াকাহন গ্রামে এ সালিশ অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগের দিন দুপুর ২টার দিকে উপজেলার গৌরীগ্রামে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত মহব্বত আলী খাঁ গৌরীগ্রাম এলাকার হাঁড়িয়াকাহন এলাকার মৃত তায়জাল খাঁর ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরীর বাড়ি ফাঁকা পেয়ে সুযোগ বুঝে মহব্বত আলী ধর্ষণের চেষ্টা করেন। এরপর কিশোরীর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে।
ঘটনার বিষয়ে জানতে সালিশকারীদের সঙ্গে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বলেন, সামাজিক মাধ্যম ফেসবুক থেকে বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।