পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ১৯:৫৮ পিএম
পাবনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পাবনা জেলা বিএনপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পাবনা জেলা বিএনপি।
অন্যথায় পাবনায় এনসিপির মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার লিখিত বক্তব্যে বলেন, গত ৯ জুলাই এনসিপির পাবনা সদর ও চাটমোহরের রাজনৈতিক সফরের বিভিন্ন সভা-সমাবেশে শিমুল বিশ্বাসকে নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি দাবি করেন, অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে জেলার জনগণ ভবিষ্যতে পাবনায় সারজিস আলম ও সারোয়ার তুষারের যেকোনো সভা-সমাবেশ প্রতিহত করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করবে।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ জুলাই নাটোরে এক পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান (সাঈদ চেয়ারম্যান) ও অন্য নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।