খুলনা অফিস
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ১৯:৪৭ পিএম
খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে খুলনা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের তৃতীয় মেয়র ছিলেন। ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।